রোববার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এটিকে অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত বাসিন্দারা মেট্রো স্টেশনে আশ্রয় নেন, আর উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। হামলায় বাড়িঘর, স্কুল, জাদুঘর, থিয়েটারসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
রুশ সেনাবাহিনী জানায়, তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যদিও এতে পারমাণবিক ওয়ারহেড ছিল না। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, প্রায় ৬০০ ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৪৯টি ড্রোন ও ৫৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস এ হামলার নিন্দা জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানান। হামলায় আলবেনিয়ার রাষ্ট্রদূতের বাসভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে।