ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভবন নির্মাণসংক্রান্ত কোনো আইনি জটিলতা থাকলে তা নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শুক্রবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআরইউর বিভিন্ন কার্যক্রম এবং শিশুদের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।
আব্দুস সালাম বলেন, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময়ে ডিআরইউকে বর্তমান জায়গাটি দেওয়া হয়েছিল। শিশুদের তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, নাচ ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেন। নৈতিক শিক্ষা, দেশপ্রেম, পরিচ্ছন্নতা, ব্যায়াম, পুষ্টিকর খাবার এবং ডেঙ্গু প্রতিরোধে পানি জমতে না দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন। সাংবাদিক পরিবারের সন্তানদের বাবা-মায়ের পেশাকে সম্মান করার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী উৎসবে ডিআরইউ সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের পুরস্কার দেন প্রধান অতিথি। শিশু-কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ এবং সাংবাদিক পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি জোরদার করাই ছিল আয়োজনের লক্ষ্য। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।