টানা ১০ দিনের অবরোধ ও সামরিক অভিযানের পর অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। সোমবার গভর্নর খালেদ দুদিন বলেন, সেনারা চলে যাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। জোর করে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া পরিবারগুলো এখন ফিরতে পারবেন বলে তিনি জানান।
গত ২৩ অক্টোবর দুই ফিলিস্তিনির বন্দুক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং তিনজন আহত হওয়ার পর ইসরাইলি সামরিক বাহিনী হেবরনে অবরোধ আরোপ করে। পরে ইসরাইলি বাহিনী ওই দুই হামলাকারীকে হত্যা করে। অভিযানের সময় হেবরন ও আশপাশের গ্রামগুলোতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয় এবং কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক চৌকিতে রূপান্তর করা হয়।
হেবরন গভর্নরেটের তথ্য অনুযায়ী, অভিযানে ৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আল-জালদা ও আইন দেইর বাহা এলাকা বেশি প্রভাবিত হয়েছে। ১৫টি বাড়ি ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্থানীয় অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।