সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান দিপু (২৮) নামে এক যুবককে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকার একটি ওয়ার্কশপে অভিযান চালানো হয়, যেখানে দেশীয় অস্ত্র, বিশেষ করে পাইপগান তৈরি করা হচ্ছিল। গ্রেপ্তারকৃত দিপু নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক কাজীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে এবং দিপুকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়ালসহ পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে গ্রেপ্তারকৃত দিপুকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।