মানিকগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা পয়েন্টে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না এবং এটি দণ্ডনীয় অপরাধ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নবিষয়ক টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বলা হয়, এ নিষেধাজ্ঞা কার্যকরে খুব শিগগির মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকে মোট ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক ও টাস্কফোর্সের সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরও জানানো হয়, ২০০৫ সালের আইন অধিকতর সংশোধনে ২০২৬ সনের ৯১ নম্বর আইন প্রণীত হয়েছে। সংশোধিত আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে ২ হাজার টাকা জরিমানা হবে, যা আগে ছিল ৩০০ টাকা।