চলতি বছরের হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব দক্ষতা ও শৃঙ্খলার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ রিয়াদের দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান।
বৈঠকে সৌদি মন্ত্রী বাংলাদেশের হাজীদের শৃঙ্খলা ও ব্যবস্থাপনার প্রশংসা করে ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। তিনি ২০২৭ সালের হজকে আরও আধুনিক ও সহজ করতে সৌদি সরকারের পরিকল্পনার কথাও জানান। ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদি সরকারের বৈপ্লবিক উন্নয়নের প্রশংসা করে বলেন, এবারের হজে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে একটি ইবাদত-সহায়ক পরিবেশ তৈরি হয়েছে।
বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি সরকারের এই আনুষ্ঠানিক প্রশংসা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।