গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে মৃত্যুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন। তিনি ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: একটি পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বিচারপতি মঈনুল বলেন, মৃত্যুর ক্ষেত্রে পরিবার শোক প্রকাশ ও দাফন-কাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে, কিন্তু গুমের শিকার ব্যক্তির পরিবার জানতেই পারে না সে কোথায় আছে। ফলে তারা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে, সামাজিক কলঙ্ক, আর্থিক সংকট ও একঘরে হয়ে পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গুম অনুসন্ধান কমিশনের সাবেক সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, সাজ্জাদ হোসেন ও নূর খান লিটন; অধিকার-এর পরিচালক তাসকিন ফাহমিনা; বিলিয়ার সেক্রেটারি ড. মুহাম্মদ একরামুল হক এবং বিলিয়ার পরিচালক রাষ্ট্রদূত এম. মারুফ জামান।