মার্কিন প্রধান গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে যে মার্কিন বিশেষ বাহিনী একজন ক্রুকে উদ্ধার করেছে, তবে দ্বিতীয়জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই মডেলের, যেখানে একজন পাইলট ও একজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্বে ছিলেন।
সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবির বিশ্লেষণে এটি এফ-১৫ যুদ্ধবিমান বলেই ধারণা করা হচ্ছে, যদিও কিছু ইরানি সূত্র একে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলে দাবি করেছে। মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে, তবে হোয়াইট হাউস বা পেন্টাগনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনী সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টার ও উড়োজাহাজকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে।