দক্ষিণ ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড শহরের একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ইরানি ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় সেখানে একটি ভলিবল ম্যাচের অনুশীলন চলছিল। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ফারস প্রদেশের বিভিন্ন এলাকায় মোট চারটি রকেট আঘাত হানে, যার একটি ল্যামার্ড শহরের স্পোর্টস হলে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি স্পোর্টস হল ও দুটি আবাসিক ভবন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।