কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টা পর একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১০ জনকে আসামি করা হয়েছে এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার রাতে নিহত ছৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। নিহত ছৈয়দা খাতুন (৫৫) রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা এবং সব্বির আহমেদের স্ত্রী ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা ছৈয়দা খাতুনকে পিটিয়ে হত্যা করে। মামলায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাসহ সরকারি অ্যাম্বুলেন্সচালক ও অন্যান্য ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, নিহতের ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।