যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সিএনএনের উদ্ধৃত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ৩০টির বেশি হামলা নথিভুক্ত হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এক মাসে প্রথমবার হামলার সংখ্যা ৩০ ছাড়ায়।
২৩ নভেম্বর পর্যন্ত অন্তত ২২টি হামলা নথিভুক্ত হয়েছে, যা যুদ্ধ শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। ইউকেএমটিও বলেছে, কেবল প্রাথমিক ও নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা ঘটনাই তারা প্রকাশ করে; তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংস্থাটি আরও কিছু ঘটনার খবর পেলেও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আক্রান্ত অনেক জাহাজ ঘটনা জানাতে অস্বীকৃতি জানানোয় এবং কিছু জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করায় সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন হয়েছে।
ইরানের সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজঘিরে প্রায় প্রতিদিন ঘটনার দাবি করছে এবং অনেক ক্ষেত্রে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের বদলে সমুদ্রের মাইনকে দায়ী করছে। হামলায় তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যেত। কেপলারের তথ্য অনুযায়ী, চীনে সর্বশেষ চালান খালাসের পর অবরোধ এলাকার বাইরে ইরানের অপরিশোধিত তেলের মজুত শূন্যে নেমেছে।