ফেসবুকে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীর সুজন সাহা (৩০)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ নভেম্বর বাসাইল উপজেলার ভবানী বাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে ‘বাসাইল সংবাদ’ নামে একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে সুজন সাহার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা বল্লা বাজারে বিক্ষোভ মিছিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সুজন সাহা থানার হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।