বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে দেশে কোথাও লোডশেডিং নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মন্ত্রণালয়ের সেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক লোডশেডিং ছিল সাময়িক এবং যান্ত্রিক সমস্যার কারণে। তিনি বলেন, দুটি মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল, তবে এক সপ্তাহের মধ্যেই তা মেরামত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এখন কোথাও বিদ্যুৎ না থাকলে তা লাইনের ফল্টের কারণে, উৎপাদন ঘাটতির জন্য নয়। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যথেষ্ট হওয়ায় লোডশেডিংমুক্ত অবস্থা বজায় রাখা সম্ভব হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গ্রামীণ এলাকায় লম্বা লাইন থাকায় ফল্ট শনাক্তে সময় লাগে, তবে সমস্যা ঠিক হলে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে।
তেল সংকট নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের অভাবে কখনো লোডশেডিং হয়নি এবং ভবিষ্যতেও হবে না। পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং নিয়মিত ক্রয় অব্যাহত আছে। ক্যাপাসিটি চার্জ বন্ধের বিষয়ে তিনি জানান, এ নিয়ে বৈঠক হয়েছে এবং সমাধানের পথ খোঁজা হচ্ছে।