চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে ছয় ঘণ্টাব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত দোকানকর্মী মো. মনিরকে আটক করে রাখলে পুলিশ তাকে নিতে গেলে জনতা বাধা দেয়। এতে ধাওয়া–পাল্টাধাওয়া, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। সাংবাদিকসহ কয়েকজন আহত হন এবং উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গভীর রাতে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মনিরকে হেফাজতে নেন।
স্থানীয় সূত্র জানায়, শিশুটির মা পোশাক কারখানায় কাজ করেন এবং বাবা রিকশাচালক। দুপুরে শিশুটি বাসায় ঘুমিয়ে থাকাকালে পাশের দোকানের কর্মচারী মনির তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। প্রতিবেশীরা শিশুটিকে অচেতন অবস্থায় দেখে সন্দেহ হলে মনিরকে ধরে মাদরাসায় আটকে রাখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা অভিযুক্তকে না ছাড়ার দাবি জানায় এবং বিচার না হওয়ার অভিযোগ তোলে।
পুলিশ জানায়, শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।