রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শামিত রাজা, সড়ক বিভাগের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের আগে এলাকায় আধিপত্য নিয়ে উত্তেজনা দেখা দেয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের নেতৃত্বে একদল কর্মী এবং মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, বরং মাইক্রোবাস স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।