চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। ৩ আগস্ট সকালে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে কর্মসূচি শুরু হয়। বারিক বিল্ডিং মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু। শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং কোটি মানুষের সম্পদ।
বক্তাদের মতে, শ্রমিকদের মতামত উপেক্ষা করে বন্দরের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। আধুনিকায়ন রাষ্ট্রীয় মালিকানা ও জনগণের স্বার্থ সংরক্ষণ করে করতে হবে বলেও তারা দাবি করেন। প্রকৌশলী দেলোয়ার মজুমদার ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেন। এতে শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা বলা হয়েছে।