পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশের ভাগ্য নদীর সঙ্গে জড়িত, নদী বাঁচলে দেশ বাঁচবে। ২৩ মে ২০২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে নোঙর ট্রাস্ট আয়োজিত জাতীয় নদী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রায় ১,৪১৫টি নদী রয়েছে, প্রতিটি নদী একটি জীবন্ত সত্ত্বা। নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে এবং অবৈধ দখল ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে, যা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবনযাত্রা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে দ্রুত প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।