বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুর্নীতির মামলায় জব্দ করা স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক না থাকায় সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় দুদক নতুন করে আবেদন করে। দুদকের তদন্তে অভিযোগ উঠেছে, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত এখনো চলমান রয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএসের একটি বড় অ্যাপার্টমেন্ট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পের ৩২০ বর্গগজ জমি ও স্থাপনা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি জমি এখন থেকে রিসিভারের নিয়ন্ত্রণে থাকবে।