আত্মসমর্পণকারী চরমপন্থি ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১২, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও ইউনিটটির অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এলাকা থেকে এবং পাবনা জেলার সাঁথিয়া ও আটঘরিয়া থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
রোববার সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। কর্মকর্তারা জানান, আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের সঙ্গে গোয়েন্দা তথ্য মিলিয়ে এই অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।