১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বাণী দিয়েছেন। তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক লংমার্চ ছিল গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ, যা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছিল।
তিনি উল্লেখ করেন, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন এখনো বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
গোলাম পরওয়ার ভাসানীসহ আন্দোলনের সকল সংগ্রামী মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের স্বার্থ, পরিবেশ ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বাংলাদেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও মর্যাদা কামনা করেন।