ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানটি বিমানবন্দরের ক্যানোপির সামনে অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনায় এই সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা রুটে চলবে। যাত্রীরা বিনামূল্যে দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এটি বিশেষ সুবিধা দেবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমবে, বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস পাবে এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে বেবিচক জানিয়েছে।