প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন ও বিবিএ অনুষদ প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের অনুপ্রেরণায় তারা ক্যাম্পাসে গুণগত, ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির চর্চা করতে চান। তবে ছাত্ররাজনীতিকে ব্যবহার করে কোনো মহলের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টাকে তিনি এ পথের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
নোমান বলেন, স্বচ্ছতা, জবাবদিহি, যুক্তি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। প্রতিহিংসা, দখলদারিত্ব ও সন্ত্রাসের বদলে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে তিনি জানান।