আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ও ভয়ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনে জয়ের চেষ্টা করছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, যা সামগ্রিক নির্বাচনি পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন ঘিরে আবারও “লাশের রাজনীতি” শুরু হয়েছে এবং আওয়ামী লীগ আমলের পুরনো চিত্র ফিরে এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সংবিধান ও আইন লঙ্ঘন করে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ূম দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচন কমিশনে মনোনয়ন দিয়েছেন এবং বিষয়টি আদালতে গিয়েছে বলে জানান।