বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় নায়ক ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ সকালে ঢাকার উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পাকিস্তানে জন্ম নেওয়া এই শিল্পী জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন বাংলাদেশে এবং এখানেই তিনি গড়ে তুলেছিলেন নিজের শিল্পজীবন। তাঁর প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নায়ক হওয়ার আগে তিনি ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যপরিচালক।
ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ তাঁকে নিয়ে যায় মুম্বাইয়ে, যেখানে তিনি সাধু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে তালিম নেন এবং সরোজ খানের সঙ্গে নাচ শেখার অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে তাঁর, তবে ১৯৭০ সালের মুস্তাফিজ পরিচালিত ‘পায়েল’ চলচ্চিত্র তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর ‘নিশান’, ‘মালকা বানু’, ‘কাজল রেখা’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার অপরিহার্য নায়ক।
অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালনায় নতুন ধারা আনেন জাভেদ। তাঁর কোরিওগ্রাফিতে শীর্ষ নায়ক-নায়িকারা নাচ শিখেছেন। স্ত্রী ডলি জাভেদের ভাষায়, নায়ক ও কোরিওগ্রাফার—দুই পরিচয়েই তিনি ছিলেন সুপারস্টার, যাঁকে শিল্পী সমাজ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।