শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে জামায়াত ও সহযোগী দলের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াযেম হোসাইন হেলাল, এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীসহ বক্তারা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন, বিএনপি প্রার্থীদের নির্দেশে বিভিন্ন স্থানে ১১ দলীয় প্রার্থীদের ওপর হামলা হচ্ছে এবং ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে দলীয় আনুগত্যে থাকা কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের আহ্বান জানান।