কুমিল্লায় ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় রোধে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানায়। তারা হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়ার কথা জানিয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের দায় তদন্তের মাধ্যমেই নিশ্চিত হতে হবে। সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, অপরাধের পর দ্রুত ও কার্যকর তদন্ত এবং বিচার না হলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়, যা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা কমায়।
সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান ন্যায়বিচার নিশ্চিত এবং ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগের দাবি জানান। নেতারা পরিবারে নৈতিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা অপ্রতিমের মা-বাবা, পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান।