জনজীবনের জরুরি সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টারে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পর জনগণ আর অজুহাত শুনতে চায় না। সভায় ঢাকা উত্তর এলাকার বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।
সাইফুল হক বলেন, অসহনীয় বেকারত্ব দ্রুত দূর করা না গেলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা বাড়তে পারে। মানুষের জানমাল, জীবন ও জীবিকার নিরাপত্তায় কার্যকর উদ্যোগ এবং রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। জাতীয় মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা এবং তেল, গ্যাস ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।
বিশেষ অতিথি বহ্নিশিখা জামালী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনিশ্চয়তা, বেকারত্ব ও নানা বিপদে বহু যুবক পড়েছেন। সভায় যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার নিয়ে আলোচনা হয়। বক্তারা যুবকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার, ইনসাফ ও পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।