দিল্লি পুলিশ ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমানবন্দরে তাদের বিমান অবতরণের পর আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর তাঁদের বিমানবন্দরের প্রাইভেট গেট দিয়ে বাইরে নেওয়া হয় এবং একটি বাসে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এই সময় অনলাইন জানায়, অভিজিৎ দীপককে গুরুগ্রামে নেওয়া হচ্ছিল। আশুতোষকে দ্বারকায় এবং সৌরভকে দিল্লির কোনো একটি স্থানে নেওয়া হচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমান অবতরণের পর যাত্রীরা নামার সময় কয়েকজন পুলিশ সদস্য বিমানে ওঠেন।
ভিডিওতে দীপক ঘটনাটিকে স্বৈরাচারী শাসন বলে অভিযোগ করেন এবং বলেন, তিনি গ্রেপ্তার হতেই এসেছেন। দিল্লি পুলিশ জানায়, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং সহযোগিতা করতে বলে। বিমানে কেউ কেউ ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন, আর দীপকরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলেন। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপি নেত্রী রত্না সিংকেও আটক করা হয়। আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে সিজেপি।