কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার সমন্বিত প্রকল্পের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঈদুল ফিতরের সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় নেতাদের দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার প্রকল্পটি অনুমোদন দেয়।
প্রকল্পের আওতায় মাটি ভরাট করে মাঠের ভূমি উঁচু করা, জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশে স্লোপ নির্মাণ করা হবে। মাঠ ঘিরে দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীর ও নতুন প্রবেশদ্বারও নির্মাণের পরিকল্পনা রয়েছে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের অজুর সুবিধার জন্য সংলগ্ন পুকুরের তিন পাশে ঘাটলা নির্মাণ করা হবে।
সংলগ্ন মসজিদকে তিনতলা ভবনে উন্নীত করা এবং আধুনিক অজুখানা ও ওয়াশরুম নির্মাণও প্রকল্পে আছে। ইউএনও ও পরিচালনা কমিটির সদস্যসচিব কামরুল হাসান মারুফ জানান, আগামী ঈদুল ফিতরের আগে মাঠ ভরাট, সীমানাপ্রাচীর ও পুকুরঘাটের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে মাঠকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে।