হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার, ২ আগস্ট দুপুরে তারা হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) আদালতে দাখিল না হওয়া পর্যন্ত ১১ জনের জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।
২৮ জুলাই হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সার্কিট হাউসের দিকে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানানো হয়; কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হওয়ার অভিযোগ ওঠে। ২৯ জুলাই যুবশক্তির হবিগঞ্জ জেলা আহ্বায়ক তন্ময় তাহের জুয়েলের লিখিত অভিযোগ যাচাই-বাছাই শেষে পুলিশ ৩০ জুলাই মামলা রুজু করে।