কুমিল্লার একটি আদালত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে এক আসামির স্ত্রী খালেদা আক্তার রানীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক খাইরুন নেছা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন নওগাঁর মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। মামলাটি ২০০৬ সালের মার্চে কুমিল্লার কোতোয়ালি থানার বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে র্যাব-৭-এর অভিযানের ঘটনায় দায়ের হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, অভিযানে বিস্ফোরক দ্রব্য, বিভিন্ন রাসায়নিক পদার্থ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বোমা তৈরির উপকরণ উদ্ধারের কথা এজাহার ও জব্দ তালিকায় উল্লেখ ছিল। তৎকালীন র্যাব হেফাজতে থাকা শায়খ আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। বিচারিক কার্যক্রমে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য, আসামিদের বক্তব্য, জব্দ তালিকা ও অন্যান্য নথি পর্যালোচনার পর আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন।