চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটের জনপ্রিয় স্পিডবোট সেবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত নতুন ভাড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় বোট মালিকরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। মঙ্গলবার কোনো পূর্বঘোষণা ছাড়াই কুমিরা-গুপ্তছড়া ঘাটে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়, এতে দুই পাড়ে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন।
আর কে এন্টারপ্রাইজসহ সংশ্লিষ্ট মালিকরা জানান, সরকার নির্ধারিত ২৬০ টাকার ভাড়ায় ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। জ্বালানি তেল, রক্ষণাবেক্ষণ ও ঘাট ইজারার ব্যয় বেড়ে গেলেও ভাড়া সামান্য বাড়ানো হয়েছে। একই দূরত্বের নোয়াখালী-হাতিয়া রুটে ভাড়া ৩০০ টাকার বেশি হওয়ায় তারা বৈষম্যের অভিযোগ তুলেছেন।
সন্দ্বীপের কয়েক লাখ মানুষের মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম এই স্পিডবোট। বিআইডব্লিউটিএ জানিয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকার নির্ধারিত ভাড়াতেই বোট চালাতে হবে, তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।