ভারতের আসামে এক হাজার ১০০ মুসলিম পরিবার উচ্ছেদ এবং বহু মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই নিন্দা জানানো হয়।
সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নেতারা অভিযোগ করেন, বনভূমি দখলমুক্ত করার নামে আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বেছে বেছে বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। তাঁদের দাবি, উচ্ছেদ হওয়া পরিবারগুলো ভারতের স্বাধীনতার আগ থেকেই বংশানুক্রমে সেখানে বসবাস করে আসছে এবং ভাঙা মসজিদগুলোর কয়েকটি অর্ধশতাব্দী আগে নির্মিত।
নেতারা আরও অভিযোগ করেন, দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনের কাছে প্রায় দেড় শ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধের অপচেষ্টা চলছে। তাঁরা এসব ঘটনাকে নাগরিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন, বিজেপি ও আরএসএসের আচরণের সমালোচনা করেন এবং ভারত সরকারকে অবিলম্বে মুসলিম নির্যাতন ও নির্মূল অভিযান বন্ধের আহ্বান জানান।