পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বন্যহাতিকে পর্যটনের অংশ হিসেবে কাজে লাগানো এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাড়ানোর কথা জানিয়েছেন। শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষ ও বন্যহাতির সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বন্যহাতি যাতে মানুষের ফসল বা সম্পদের ক্ষতি করতে না পারে, সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে। মধুটিলা ইকোপার্কের উন্নয়নের পাশাপাশি শেরপুর জেলার পর্যটন খাত এগিয়ে নিতে তিনি পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
সভা শুরুর আগে মন্ত্রী বুরুঙ্গা ওসমানের খোল এলাকায় হাতির চলাচলের পথ এবং হাতিদের ব্যবহৃত একটি জলাধার পরিদর্শন করেন। পরে তিনি বন্যহাতিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মধ্যে হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।