ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ঢাকার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তির বছরব্যাপী রজতজয়ন্তী আয়োজনের অংশ হিসেবে সম্মেলনটি হচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের এ আয়োজনে বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বসহ দুই শতাধিক অতিথি অংশ নিচ্ছেন। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিন সম্মেলন চলবে।
প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিটারের আলেকজান্ডার এ. মেজিয়া। অনুষ্ঠানে আইএইউপি প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন ও ডিআইইউর প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, তরুণদের বিশ্বমানের শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান ও গবেষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন পর্ব ড্যাফোডিল প্লাজা, শেরাটন বনানী ও ড্যাফোডিল স্মার্ট সিটিতে হচ্ছে। ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন।