স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, করোনা প্রতিরোধে টিকা কেনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা টিকা ও সরঞ্জাম কেনা ও আমদানির জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে সিরিঞ্জ কেনায় ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার, পরিবহন খাতে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা ব্যয় হয়েছে।
ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অনিয়মের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।