সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনিমেষ পরমান্য (৫০) নামে এক পশুচিকিৎসককে শনিবার সকালে অপহরণ করা হয়েছে। সকাল ১০টার দিকে ডিউটিতে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি গোপন রাখার হুমকি দেয়। এ ঘটনায় তার ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে অনিমেষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার ব্যবহৃত নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে জিম্মি করার কথা জানায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস জানান, অনিমেষ দীর্ঘদিন ধরে কৈখালী ইউনিয়নে কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে কাজ করছেন এবং তার নিখোঁজ হওয়ায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, ফোন কলের লোকেশন শনাক্তের চেষ্টা চলছে এবং শনিবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া গেছে। তদন্ত গুরুত্বসহকারে চলছে এবং উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।