চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র্যাবের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা এবং চারজন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, কক্সবাজার সীমান্ত এলাকা থেকে সাগরপথে মাদক চালান চট্টগ্রামের দিকে আসছিল। রাত সাড়ে নয়টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রলারের ইঞ্জিন রুম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।