সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বোমা হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম জানান, সোমবার রাতের ওই বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
বিবৃতিতে আশরাফুল আলম আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হামলা দেশের সামগ্রিক নিরাপত্তাহীনতার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সমাবেশ ও নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এই ধরনের হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছে এবং গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দলটি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।