জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আজ মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় দেবেন।
অন্য আসামিরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষ বলেছে, ২৯ জনের সাক্ষ্য, কথোপকথনের অডিও, ফরেনসিক প্রতিবেদন ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছে। আসামিপক্ষ হত্যার নির্দেশ বা হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে খালাস চেয়েছে। গত ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। নয়টি অভিযোগে ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়; সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২ আগস্ট।