সেপ্টেম্বর-অক্টোবর সময়ের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে এবং আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ হয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর বৃহস্পতিবার উভয় হিসাবেই রিজার্ভ কমে যায়। আগের দুই মাসে আকুর মাধ্যমে ১৩৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। আমদানি বাড়ায় এবার বিলের পরিমাণ বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
আকু এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের আন্তআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর সদস্য নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাসে নিষ্পত্তি হয়। বাংলাদেশ ছাড়া সদস্য দেশগুলো হলো ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।