ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি যুদ্ধের কারণে দেশে ফেরা ৭২ হাজার বাংলাদেশি প্রবাসীর জন্য ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন থেকে সংগঠনের নেতারা ন্যায্য পাওনা আদায়, ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের দাবি তোলেন।
বক্তারা বলেন, ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের কারণে হাজার হাজার বাংলাদেশি কর্মী সর্বস্ব হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন। দীর্ঘ সময় পার হলেও তাঁদের অনেকেই ন্যায্য পাওনা, ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আছেন। যুদ্ধক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য জাতিসংঘ ঘোষিত ক্ষতিপূরণের বকেয়া অর্থ আদায়ে কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
সংগঠনটি পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত জমি বরাদ্দ এবং পরিকল্পিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করে। পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত, ইরাক ও কুয়েতের ব্যাংকে রেখে আসা অর্থ উদ্ধার, যুদ্ধকালীন বকেয়া বেতন পরিশোধ এবং সহজ শর্তে ঋণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থাও তাদের দাবির মধ্যে রয়েছে। কর্মসূচিতে সভাপতি কাজী নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুল্লাহ উপস্থিত ছিলেন।