বাংলাদেশে ১৬ বছর বয়সের নিচে শিশু-কিশোরদের ফেসবুক, টিকটকসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানের কাছে।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে, বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, পড়াশোনায় অনাগ্রহ বাড়াচ্ছে এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে।
নোটিশে আরও বলা হয়, অনেক অভিভাবক ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে বাস্তব পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।