রাজধানীর শাহবাগ এলাকায় যত্রতত্র ময়লা ফেলা রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযানে তিনি বিভিন্ন দোকানের সামনে ছড়িয়ে থাকা বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিবেশ দূষণ ও যত্রতত্র ময়লা ফেলার দায়ে নয় ব্যবসায়ীকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ঢাকাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা, তবে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
অভিযানে মন্ত্রণালয় ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ছিলেন।