কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি নিষিদ্ধ এলাকায় সমুদ্রের মাইনে আঘাত করে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতি অনুযায়ী, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার পরে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়। আল জাজিরা রোববার এ তথ্য জানায়।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার এবং বিস্ফোরণের পর সেটি ডুবে যায়। আইআরজিসি বলেছে, নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় উভয় ট্যাংকার মাইনে আঘাত হানে। তবে জাহাজগুলোর পরিচয়, মালিকানা বা গন্তব্য সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
ডুবে যাওয়া ট্যাংকারের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।