ব্রাজিলের ৩৫ বছর বয়সি পেশাদার বডিবিল্ডার ও ফিটনেস ইনফ্লুয়েন্সার মেইলসন আরাউজো চলতি মাসের শুরুতে বাহিয়া অঙ্গরাজ্যে নিজের বাড়িতে অসুস্থ হওয়ার পর মারা যান। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে ঘটনাটি অল্প বয়সে বডিবিল্ডারদের আকস্মিক মৃত্যুর বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত মে মাসের শেষে ২২ বছর বয়সি ব্রাজিলিয়ান বডিবিল্ডার গ্যাব্রিয়েল গানলি আকস্মিক হৃদ্রোগজনিত কারণে মারা যান।
২০২৫ সালের একটি গবেষণায় ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ২০ হাজার প্রতিযোগী বডিবিল্ডারকে অনুসরণ করে দেখা হয়, অপেশাদারদের তুলনায় পেশাদারদের আকস্মিক হৃদ্রোগজনিত মৃত্যুর ঝুঁকি পাঁচ গুণের বেশি। ১২১টি মৃত্যুর মধ্যে ৪৬টিকে এ ধরনের মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। গবেষণার প্রধান লেখক ড. মার্কো ভেকিয়াতো কর্মক্ষমতা-বর্ধক ওষুধ, দ্রুত ওজন কমানো এবং চরম শক্তি প্রশিক্ষণকে সম্ভাব্য কারণগুলোর মধ্যে উল্লেখ করেন।
ডেনমার্কের আরেক গবেষণায় অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারকারীদের কার্ডিওমায়োপ্যাথির ঝুঁকি প্রায় নয় গুণ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তিন গুণ বেশি পাওয়া যায়। ময়নাতদন্তে বহু বডিবিল্ডারের অস্বাভাবিক বড় হৃদ্যন্ত্র ও পুরু বাম নিলয়ের প্রমাণ মিলেছে। চিকিৎসকেরা বলেন, স্টেরয়েড, প্রশিক্ষণ ও জিনগত কারণ এককভাবে বা মিলিতভাবে হৃদ্ক্ষতির সঙ্গে যুক্ত হতে পারে; তবে স্টেরয়েড-সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য নিয়মিত নথিভুক্ত না হওয়ায় এর সুনির্দিষ্ট মাত্রা নির্ধারণ কঠিন।