ইসরাইলি সেনাবাহিনীর কাছে ক্যাটারপিলার ডি-৯ বুলডোজার বিক্রি বন্ধে মার্কিন সিনেটে অনুষ্ঠিত ভোটকে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা, পশ্চিম তীর ও লেবাননে বেসামরিক ক্ষতির কারণ দেখিয়ে ৪০ জন সিনেটর বিক্রির বিরোধিতা করেন। তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির নির্বাহী পরিচালক মাই এল-সাদানি বলেন, এই ভোট যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
যদিও প্রস্তাবটি শেষ পর্যন্ত পরাজিত হয়েছে, এল-সাদানি উল্লেখ করেন যে গত বছরের তুলনায় সমর্থনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তখন এই সংখ্যা ছিল ২৭। ওয়াশিংটনভিত্তিক তার সংস্থা সিনেটরদের এই উদ্যোগে সমর্থন দিতে আহ্বান জানিয়েছিল।
এছাড়া, ইসরাইলের কাছে ১,০০০ পাউন্ডের বোমা বিক্রি ঠেকানোর প্রস্তাবে ৩৬ জন সিনেটর সমর্থন দেন। এল-সাদানির মতে, এটি যুক্তরাষ্ট্রের ভোটার ও তাদের প্রতিনিধিদের অবস্থানের পরিবর্তনের প্রতিফলন।