ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় ওয়ার্ড সভাপতি লাবিব ও কর্মী সাবনুর ও হোসেন। অভিযোগে বলা হয়েছে, তারা মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে ইমাম আল-আমীনকে মারধর করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, পবিত্র মসজিদে হামলা ও ইমামকে মারধরের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। সহসভাপতি মো. বকুল বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
সংবাদকর্মীরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাননি, ফলে তাদের বক্তব্য জানা যায়নি।