প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঘোষণা দিয়েছেন যে, আর্থিক সামর্থ্য নয় বরং প্রয়োজন অনুযায়ী প্রত্যেক নাগরিক চিকিৎসা সেবা পাবেন। শনিবার রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি একটি মৌলিক অধিকার। তিনি ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জুবাইদা রহমান জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা, জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি মেডিকেল শিক্ষা আধুনিকায়ন, স্বাস্থ্যকর্মীদের জন্য সুসংগঠিত ক্যারিয়ার কাঠামো এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুকল সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কথা জানান এবং চিকিৎসকদের সহযোগিতা চান।
ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও সেবা প্রদানের আহ্বান জানিয়ে তাদের ন্যায্য দাবি পূরণে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।