টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জে প্রায় ১১ হাজার ৩০০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। শনিবার পর্যন্ত প্রাথমিকভাবে প্রায় ২০ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করেছে জেলা কৃষি বিভাগ।
অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল জানান, এ বছর বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের আশাও ভালো ছিল। জেলায় এক লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর বোরো ধান চাষ করা হয়েছিল, যার মধ্যে ৪৬ হাজার ৯৫৪ হেক্টর হাওর এলাকায়। তবে হঠাৎ ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও নবীগঞ্জের হাওর এলাকাগুলোতে পানি প্রবেশ করে পাকা ধান কাটার আগেই তলিয়ে যায়, এতে কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ দুর্যোগ মোকাবিলায় একটি জরুরি মনিটরিং সেল গঠন করেছেন। কৃষি বিভাগের তথ্যমতে, প্রায় ৫৮ শতাংশ জমির ধান কাটা সম্ভব হলেও বাকি জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।